back to top

সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নেই বর্তমান ইসির: হাসনাত

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ০৯:১৫

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে, তবে তাদের পরিণতি হবে কেএম নুরুল হুদা কমিশনের মতো।

রোববার (১৯ অক্টোবর) ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, সেটি স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’

তিনি অভিযোগ করেন, ‘এনসিপিকে ইচ্ছাকৃতভাবে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারছে না।’

ইসিকে ‘রিমোট কন্ট্রোলে পরিচালিত’ আখ্যা দিয়ে হাসনাত বলেন, ‘নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। তাদের বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়, আর তারা সেসব বাস্তবায়ন করে।’

তিনি আরও বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটি মেরুদণ্ডহীন কমিশন। বিভিন্ন পক্ষের স্বার্থে তারা কাজ করছে।

যারা ইসিকে নিয়োগ দিয়েছে, তাদেরই পারপাস সার্ভ করছে। তারা যদি নিজেদের ঠিক না করে, তাহলে পরিণতি হবে নুরুল হুদা কমিশনের মতো।’