back to top

চট্টগ্রামে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১২:১৩

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া আব্দুর রহমান (৭০) দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। তিনি নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সহ সভাপতি ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

তিনি বলেন, আব্দুর রহমান কোতোয়ালি থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪৯ (০৯)২৪ নং মামলার আসামি ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর থেকে তিনি কারাবন্দি।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ২৪ ডিসেম্বর চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর ১৮ জানুয়ারি ২০২৬ সালে তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তবে হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী তার শরীরে ফুসফুসের ক্যান্সার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ শনাক্ত হয়।
এ ছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি ২০২৬ সালে তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।