সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে তদারকিমূলক অভিযান পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি, ডালের সঙ্গে রং মেশানো এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিটি দোকানদারদের সতর্ক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ক্ষতিকর হায়ড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, রঙ দেয়া মুগডাল বিক্রি করায় মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা, কেকে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা, পোড়া তেল ও ক্ষতিকর হায়ড্রোজ ব্যবহার করে রান্না করায় রহমান হোটেল ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা, আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, চা পাতার প্যাকেট মূল্য না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডালের সাথে রং মেশানোর পাশাপাশি ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিল। এছাড়া মূল্য তালিকার সঙ্গে ক্রয় মূল্যের বেশি ব্যবধান নজরে আসে তাদের।
পর্যাপ্ত সরবরাহের পরও রমজানের আগে একদিনের ব্যবধানে ছোলার দাম ৬ টাকা বাড়িয়ে বিক্রি করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
এছাড়া পেঁয়াজের দামও বেড়েছে এক দিনের ব্যবধানে কেজি প্রতি ৭ টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



