back to top

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক দিলেন কর্মীরা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩১

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে এবার কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নিউমার্কেটস্থ দারুল ফজল মার্কেটে কার্যালয়টি অবস্থিত। বুধবার সকালে এ-সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি কার্যালয়ের ফটক ও জানালার ওপরের দুটি পরিচিতি ফলক সাঁটিয়ে দিচ্ছেন। এ সময় তাঁদের বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অফিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

এদিকে ১ মিনিট ৩৩ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, জানালার ওপরে থাকা ফলকে আসিফ মাহমুদ নামে একজনের নাম লেখা রয়েছে।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন মো. জসিম উদ্দিন জয়। ভিডিওতে বাংলাদেশের পতাকা হাতে এক ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায়।

নিজেকে মো. জসিম উদ্দিন জয় পরিচয় দিয়ে বক্তব্যে ওই ব্যক্তি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে মহিবুল হাসান চৌধুরী ভাই ও যুবলীগের সদস্য আসিফ মাহমুদ ভাইয়ের তত্ত্বাবধানে দারুল ফজল মার্কেটে পুনরায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয় শুভ উদ্বোধন করা হলো।’

তবে ভিডিও দুটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ভিডিওর বিষয়ে অবগত হয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি, ব্যানারও ছিল না। তালা দেওয়া ছিল।

ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি