back to top

পাহাড়তলীর সাগরিকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৩১

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক এলাকায় ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত আকাশ স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে এলাকায় কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবকের সঙ্গে তর্ক-বিতর্কের মধ্যেই আকাশকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিন লাবু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবকের সঙ্গে আকাশের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা গেছে। তবে তারা ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, আকাশের পরিচিত এক যুবকের সঙ্গে অন্য কয়েকজনের বিরোধ চলছিল।

পরিস্থিতি শান্ত করতে আকাশ এগিয়ে গেলে হামলার শিকার হন তিনি। এলাকাবাসীর দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি