back to top

শোভাযাত্রা লাল-সাদায় নববর্ষের উচ্ছ্বাস, বর্ষবরণের ঢল ডিসি হিলে

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৬:৪৯

নতুন বছরের প্রথম সূর্য উঠতেই উৎসবের রঙে রাঙা হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৈশাখী শোভাযাত্রা, গান, নৃত্য আর লোকজ আয়োজনে নগরজুড়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর উদযাপন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে ডিসি হিলে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। লাল-সাদা পোশাকে পরিবার-পরিজন নিয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এতে যোগ দেন।

গান-নৃত্যে মুখর উৎসবের আসর সিআরবি-ডিসি হিলে :
শোভাযাত্রা শেষে ডিসি হিল ও আশপাশ এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সময়ে সিআরবি শিরিষতলাতেও গান, নৃত্য ও লোকজ পরিবেশনায় মুখর থাকে পুরো এলাকা।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সিআরবি, ডিসি হিল ও শহীদ মিনার এলাকায় মানুষের ভিড়ও বাড়তে থাকে।

বর্ণিল সাজ-আলপনায় নগরবাসীর নজর কাড়ে:
কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আলপনা নগরবাসীর বিশেষ দৃষ্টি কেড়েছে। রঙিন এ সজ্জা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।

পরিবার নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সাংস্কৃতিক কর্মীরা জানান, করোনা মহামারি ও রমজানের কারণে কয়েক বছর বৈশাখী আয়োজন সীমিত ছিল। এ বছর তাই উদ্‌যাপনে মানুষের আগ্রহ অনেক বেশি।

নির্বিঘ্ন বৈশাখ উদ্‌যাপনে তৎপর প্রশাসন
বর্ষবরণের বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্ন করতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব।

নিরাপদ পরিবেশে যেন নগরবাসী উৎসব উপভোগ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সবমিলিয়ে নতুন বছরের প্রথম দিনটি চট্টগ্রামজুড়ে উদ্‌যাপিত হচ্ছে উৎসব, আনন্দ আর নতুন আশার প্রত্যাশায়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি