back to top

গহীন পাহাড়ে পড়ে ছিল তিন লাশ, টেকনাফে আতঙ্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৭:০৩

দেশজুড়ে ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কাঠুরিয়া পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রথমে মরদেহগুলো দেখতে পান। পরে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে দ্রুত এলাকায় খবর ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মরদেহগুলো পাহাড়ের ভেতরের একটি নির্জন স্থানে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক ঘণ্টা আগেই ঘটেছে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এসপি