নগরের নামিদামি রেস্তোরাঁর ঝলমলে আলো আর পরিপাটি পরিবেশ দেখে যে কেউই মুগ্ধ হতে পারেন। কিন্তু চটকদার সেই আবহের আড়ালে রান্নাঘরের ভেতরের চিত্রটা ঠিক কতটা কদর্য হতে পারে, তার এক নির্মম সত্য প্রকাশ্যে এলো বন্দরনগরী চট্টগ্রামে।
বাইরে ঝোলানো ‘অভিজাত’ ব্র্যান্ডের সাইনবোর্ড, আর ভেতরে চাল-ডালে ছোটাছুটি করছে তেলাপোকা, এমনকি গ্রাহকের জন্য রাখা স্যুপের বাটিতেও মিলল সেই পোকা!
চট্টগ্রাম নগরের অত্যন্ত ব্যস্ত ও পরিচিত ওয়াসা এলাকার নামিদামি ‘হান্ডি রেস্তোরাঁ’সহ তিনটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযানে উঠে এসেছে খাদ্য সুরক্ষার এমন চরম অবহেলার চিত্র।
বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের একটি টিম নগরের ওয়াসা এলাকায় অভিযানে নামে।
টিমটি যখন অভিজাত হিসেবে পরিচিত ‘হান্ডি রেস্তোরাঁ’র রান্নাঘরে প্রবেশ করে, তখন কর্মকর্তাদের চোখ কপালে ওঠার উপক্রম।
দেখা যায়, খাবার তৈরির বিভিন্ন কাঁচা উপকরণের মধ্যে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা। কেবল উপকরণেই শেষ নয়, গ্রাহকের পাতে পরিবেশনের জন্য তৈরি রাখা গরম স্যুপের মধ্যেও ভাসছিল তেলাপোকা!
এমন আশঙ্কাজনক ও চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে হান্ডি রেস্তোরাঁকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পোড়া তেলের কারবার: জামান ও সিপি ফাইভ স্টারকে জরিমানা
একই অভিযানে ছাড় পায়নি নোংরা পরিবেশ ও বারবার ব্যবহৃত ক্ষতিকর পোড়া তেল দিয়ে খাবার তৈরি করা অন্য দুটি প্রতিষ্ঠানও। স্বাস্থ্যঝুঁকি তৈরি করে খাদ্য বিক্রির দায়ে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং সিপি ফাইভ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে এই তিন প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সার্বিক বিষয়ে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হান্ডি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আমরা খাবার ও তা তৈরির উপকরণের পাশাপাশি পরিবেশনযোগ্য স্যুপের মধ্যেও তেলাপোকা পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
এ ছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানেও বারবার ব্যবহার করা পোড়া তেল এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ মেলে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ব্র্যান্ডের তকমা যত বড়ই হোক না কেন, রান্নাঘরের সচেতনতা ও স্বচ্ছতা না থাকলে সেই খাবার যে কতটা মারাত্মক হতে পারে-ওয়াসার হান্ডি ও জামান হোটেলের এই ঘটনা যেন চট্টগ্রামবাসীকে নতুন করে সেই ভাবনায় ফেলে দিল।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

