লোহাগাড়ায় প্রাইভেট কারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ আটক ৪

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:৫৪

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-পলাশ মাহমুদ (৩৬), মোঃ সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই গৌবিন্দ চন্দ দাস ও সঙ্গীয় পুলিশ ফোর্স চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় ঢাকা-মেট্রো-গ-৩১-৪৮৬৩ রেজিস্ট্রেশন নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এলাকায় অভিযান চালিয়ে মহিলাসহ চারজনকে ১৬ হাজার ইয়াবাসহ আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আগামীকাল রোববার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রাইভেট কারটি তল্লাশি করে ইয়াবার চালানটি জব্দ করা হয়। ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান