ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাই প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য, গণমাধ্যম বা লেখকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা নয়-এমন স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী দৃঢ়তার সাথে জানান, প্রস্তাবিত এই আইনের প্রয়োগ নিয়ে সংবাদকর্মীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
গণমাধ্যমকে সংকুচিত করা বা সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়নি, বরং সমাজের সর্বস্তরে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করাই এর প্রধান লক্ষ্য।
সাম্প্রতিক বিভিন্ন অপ্রীতিকর ঘটনার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় অপ্রতিমের ঘট্নাসহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা এখন সময়ের দাবি।
তিনি উল্লেখ করেন, কতিপয় অসাধু চক্রের কারণে পুরো দেশের সাইবার স্পেসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে না।
সংবাদকর্মীদের সুরক্ষার বিষয়টি জোর দিয়ে তিনি আরও বলেন, সরকার সবসময় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতাকে স্বাগত জানায়। কোনো অবস্থাতেই যাতে কোনো পেশাদার সাংবাদিক কিংবা নিরপরাধ ব্যক্তি এই আইনের অপপ্রয়োগ বা অপব্যবহারের শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা থাকবে।
আলোচনায় উঠে আসে যে, সাইবার বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতেই এই আইন বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


