চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি (গান) ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে গেছেন।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপির ডিবি পশ্চিম বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে-ওই এলাকায় দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন।
এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করা হয় এবং তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতার মিজানুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে লেগুনার চালকের আসনের নিচে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ বহনের কাজে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, অস্ত্র ও কার্তুজগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের পক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনায় গ্রেফতার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে এর আগে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


