চট্টগ্রামের ফটিকছড়িতে আজ নেমে এসেছে এক বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসবের আমেজ।
ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে যোগ দিতে আজ (শুক্রবার) ফটিকছড়িতে পৌঁছাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হবেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঐতিহাসিক বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছানোর পর ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের মসজিদে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করবেন।
নামাজ শেষে তিনি বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃহৎ দ্বীনি সম্মেলনে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক ও জনপ্রতিনিধিও অংশ নিচ্ছেন।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন-ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বাদ ফজর বাবুনগর মাদ্রাসার প্রাঙ্গণে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও পুণ্যার্থী জনতার উপস্থিতিতে এই ঐতিহাসিক মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল।
আজ সমাপনী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের একই মঞ্চে উপস্থিতি এবং হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি কেন্দ্র করে ফটিকছড়িসহ পুরো চট্টগ্রাম অঞ্চলে এক ব্যাপক উৎসুক পরিবেশ তৈরি হয়েছে।
দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটেছে।


