চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতারণা, বিদ্যুৎ আইন লঙ্ঘন, যৌতুক ও মাদকসহ একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো এসব আসামিকে শুক্রবার দিনব্যাপী পরিচালিত সাঁড়াশি অভিযানে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা, পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের যৌথ তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। দিনভর বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক আভিযানিক দল পৃথক এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনের পরিচয় সুনির্দিষ্টভাবে জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন-আবদুর রহমান, মো. পারভেজ, মো. আকাশ ও মো. মহিউদ্দিন।
কর্ণফুলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবদুর রহমান সিআর-৪৯/২৬ নম্বর মামলায় বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও হুমকির (দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারা) অভিযোগভুক্ত আসামি।
মো. পারভেজ সিআর-০২/২৫ নম্বর মামলায় বিদ্যুৎ আইনের ৩২ ধারার আসামি। এ ছাড়া যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা সিআর-২৯৩/২৬ মামলার আসামি মো. আকাশ।
অন্য আসামি মো. মহিউদ্দিনের বিরুদ্ধে দুটি ভিন্ন থানায় গুরুতর অপরাধের পরোয়ানা রয়েছে।
তিনি কর্ণফুলী থানার জিআর-৫২২/১৯ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি ও সমাবেশ) এবং কোতোয়ালী থানার জিআর-১১৭/২৩ নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেপ্তারিকৃত আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কড়া পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


