জোরারগঞ্জ ও সীতাকুণ্ডে আ. লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৯:৩২

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৫ জন এবং সীতাকুণ্ড মডেল থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বাড়িয়াখালী গ্রামের মৃত একেএম ফজলুল হকের ছেলে মোঃ নাজিম উদ্দীন (৩৮), বামনসুন্দর দারোগারহাট এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন খোকন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী ও খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে মোঃ রানা শেখ (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী এবং ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম জানান, ২০২৪ সালের ১৮ অক্টোবর জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালেই আসামিদের চট্টগ্রাম আদালতে প্রেরণের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অন্যদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে সোমবার (৯ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন:চট্টগ্রামের হাটহাজারী থানার নুরুল আফসারের ছেলে রিফাত, নুরুল হকের ছেলে নুরুল ইসলাম এবং ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আহাম্মদ গনির ছেলে আবু জাফর।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরের দিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি