বৃষ্টি হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে ওঠে মরণফাঁদ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯

ইটভাটার মাটিবাহী গাড়ির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে কাদামাটি। এসব মাটি যানবাহনের চাকায় লেগে মহাসড়কের প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে।

ফলে সামান্য বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে উঠছে মহাসড়ক। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গত ১৮ নভেম্বর সকাল থেকে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশেষ করে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া হয়ে লোহাগাড়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এর মধ্যে চন্দনাইশ-সাতকানিয়া অংশে ইটভাটার মাটিবাহী গাড়ির কারণে সড়কে ছড়িয়ে পড়া কাদামাটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এতে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন চালক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন।কক্সবাজারএরই মধ্যে গত ১৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশের বাগিচাহাট এলাকায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনা ও সড়কের পরিস্থিতি নিয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার জানান, ১৮ নভেম্বর বাগিচাহাট এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। চালকেরা সড়ক পিচ্ছিল থাকায় গতি নিয়ন্ত্রণ করতে না পারার কথা বললেও একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

তবে চালকেরা অনেক সময় দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করেন না বলেও মন্তব্য করেন তিনি। ইটভাটা-সংলগ্ন এলাকায় দুর্ঘটনা না ঘটলে অন্য বিভাগকে দায়ী করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, মহাসড়ক থেকে কাদামাটি পরিষ্কার করা সড়ক বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে না। এ বিষয়ে তাদের কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে এ সমস্যা সমাধানে ভিন্ন কোনো করণীয় বা পরামর্শ থাকলে তা জানাতে বলেন। একই সঙ্গে সড়ক আইন অমান্য করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মহাসড়কের পিচ্ছিলতার কারণে দুর্ঘটনা ঘটলে একটি-দুটি নয়, সব যানবাহনেরই দুর্ঘটনায় পড়ার কথা-এমন মন্তব্যও করেন এই কর্মকর্তা।

জনগণের নিরাপত্তা নিয়ে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই মহাসড়ক থেকে কাদামাটি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মাটিবাহী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। মানুষের জীবন রক্ষায় দায়িত্বশীল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি