আনোয়ারায় পুলিশ বক্সে আগুন ও নাশকতার চেষ্টা: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৪:৪০

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে ঝটিকা মিছিল, সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার এসআই মো. ফারুক হোসেনকে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আনোয়ারা সদরের শাখাওয়াত হোসেন ওরফে হামিম (২২), মো. তারেক (১৯) ও ফারহান মাহমুদ (১৯), চাতরীর মো. আবু তৈয়ব (৪৪), হাইলধরের মো. হাবিবুর রহমান (২৮), বাঁশখালীর সাধনপুরের আবদুল মাহিদ (১৯) এবং কর্ণফুলীর চরপাথরঘাটার সাইদুল ইসলাম ওরফে সাইমন (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে ২০ থেকে ৩০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে।

হেলমেট ও মুখোশ পরা মিছিলকারীদের কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এবং গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটের দিকে চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাতরী বাজার সংলগ্ন বাঁশখালী-চট্টগ্রাম সড়কের পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একদল লোক জড়ো হয়ে নাশকতা ও ভাঙচুরের চেষ্টা চালান।

ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। আগুনে বক্সের ভেতরে থাকা একটি চেয়ার পুড়ে যায় এবং কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল, রড, দা ও কিরিচ ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে সকাল ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ধাওয়া করে ওই সাতজনকে আটক করে। এ সময় তাদের ফেলে যাওয়া ১৫টি বাঁশের লাঠি, ৩০টি ইটের টুকরা ও একটি দেশীয় তৈরি লোহার দা জব্দ করা হয়।

এজাহারে নাম থাকা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব শাহ্, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আসিফুল ইসলাম বাপ্পি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য শাহাজাদা শাহ্ ও রবিউল হায়দার, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান এবং বারখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাফেজ আহাম্মদ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, পলাতক এবং দেশে-বিদেশে অবস্থানরত অভিযুক্তদের মদদ ও অর্থায়নে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার চেষ্টার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি