ফল জালিয়াতি: ১৩ বছর একই চেয়ারে বসে চলছিল ‘নম্বর-বাণিজ্য’

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে ‘পাস’: চট্টগ্রাম বোর্ডের তিন কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৪:৫৭

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বোর্ডের ফলাফল প্রস্তুতের মতো স্পর্শকাতর শাখায় দীর্ঘদিন ধরে একই দায়িত্বে থেকে তাঁরা এই জালিয়াতিতে জড়িয়েছিলেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি পরে জানাজানি হলে ১৮ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) ও মো. আবদুল মালেক (৫৬)। তাঁদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এবং শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাসিন্দা মো. আবদুল মালেক বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০টি বিষয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীকে অবৈধভাবে নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগ ওঠে।

এ ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও সংশ্লিষ্ট ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা (নম্বর: ২৬(১০)২৬) দায়ের করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭ক ও ৩৪ ধারায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১৩, ৫, ৬ ও ১২ ধারাও যুক্ত করা হয়েছে।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফলাফল জালিয়াতিতে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের এই তিন কর্মীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ টানা ১৩ বছর ধরে বোর্ডের একই শাখায় দায়িত্ব পালন করে আসছিলেন।

এই জালিয়াতির নেপথ্যে বোর্ডের ভেতরের বা বাইরের অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর আসামিদের পাঁচলাইশ থানা হাজতে রাখা হয়। তবে গ্রেপ্তার হওয়া মো. আবদুল মালেক আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন।

তাঁর স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র থানায় জমা দিলে বিষয়টি ভবিষ্যৎ আইনি ও চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনে থানার সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল।

ওই ঘটনায় থানা-পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলেও তাতে নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে আগের সেই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন থেকেই গেছে।

সচেতন মহল ও শিক্ষাবিদদের মতে, বোর্ডের ভেতরের এই চক্রের শিকড় উপড়ে ফেলতে হলে আগের এইচএসসি ফল জালিয়াতির মামলাটিও সিআইডির কাছে হস্তান্তর করা জরুরি।

তাঁদের ধারণা, মামলাটি সিআইডির মাধ্যমে পুনঃতদন্ত করা হলে পুরো জালিয়াতি চক্রের প্রকৃত রহস্য এবং নেপথ্যের হোতাদের শনাক্ত করা সম্ভব হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি