পোড়া মবিলের সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে অবাধে তৈরি করা হচ্ছিল ক্যাস্ট্রল, মটলু, শারলু ও আরএসএমের মতো দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের লুব্রিকেন্ট বা মবিল।
এমন ভয়াবহ প্রতারণার দায়ে চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকার ‘জয়শ্রী অটো মোবাইলস’ নামের একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কদমতলী ও দেওয়ানহাট মোড় এলাকায় পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি দলের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার জয়শ্রী অটো মোবাইলসের কারখানায় অভিযান চালানো হয়।
সেখানে গিয়ে দেখা যায়, অত্যন্ত চতুরতার সঙ্গে পোড়া মবিলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক রং মিশিয়ে হুবহু ক্যাস্ট্রল, মটলু, শারলু ও আরএসএমের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার প্রস্তুতি চলছে।
হাতেনাতে প্রমাণ পাওয়ায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে; শুনানি শেষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের ধারাবাহিকতায় কদমতলী এলাকার ‘সমতা হোটেল এন্ড রেস্টুরেন্টে’ তদারকি চালানো হয়।
এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজের ভেতর কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ এবং অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দেওয়ানহাট মোড় এলাকায় অবস্থিত ‘তাজ ফার্মেসিতে’ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে অধিদপ্তরের এ ধরনের নিয়মিত বাজার তদারকি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


