চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিন আজ রবিবারও বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে।
সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ সব ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
একই সঙ্গে লাঠি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ যেকোনো ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১১টায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার এ পর্যন্ত তিন দফায় এমন নিষেধাজ্ঞা জারি করলেন।
এতে বলা হয়েছে, বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা করলে যানজটের সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
এ কারণে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাসহ জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেইট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং যে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২ মার্চ পর্যন্ত ১ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ আদেশ না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়।
এর আগে এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী আট ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচির ডাক দিয়েছিল বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ইব্রাহিম খোকন গণমাধ্যমকে জানান, কর্মসূচির দ্বিতীয় দিন আজ সকাল আটটা থেকে আট ঘণ্টা পরিচালন ও প্রশাসনিক কার্যক্রমে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা।
স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
জানা গেছে, আজ সকাল আটটায় কর্মসূচি শুরু হওয়ার পর বন্দরের জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ প্রায় বন্ধ হয়ে পড়ে। সিসিটি ও এনসিটিতে সীমিত আকারে পরিচালন কার্যক্রম চলছে।
অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম থেকেও কর্মচারীরা বিরত রয়েছেন।


