ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটকে কেন্দ্র করে সারা দেশে যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টা থেকেই সারা দেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সময়ে লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট চলাচলও বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ওষুধ, স্বাস্থ্যসেবা, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র বহনকারী গাড়িগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে।
এছাড়া বিমানযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে বিশেষ সুযোগ দেওয়া হবে।
দূরপাল্লার বাস এবং জাতীয় মহাসড়কগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে যাতে সাধারণ যাত্রীদের চলাচলে বড় ধরনের বিঘ্ন না ঘটে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল বা গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত কর্মীদের যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারদের এই বিধিনিষেধ কার্যকর বা শিথিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



