দেশজুড়ে ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার ভোরে চিরিঙ্গা জনতা মার্কেট-বেতুয়াবাজার সড়কের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে পুলিশের একটি দল আমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করে।
এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮) নামের চারজনকে আটক করা হয়।
ওসি মনির বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



