back to top

ঈদের দিন সারাদেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ০৭:৪৯

আবহাওয়া ডেস্ক : আগামীকাল শনিবার দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। কিন্তু উৎসবের এই সময়কে ঘিরে আবহাওয়ার আচরণ হয়ে উঠছে কিছুটা অস্থির।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের আগে ও পরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, দমকা হাওয়া, বজ্রপাত, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে সামনে কয়েক দিন দেশের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল।

একদিকে রোদ আর গরমের আভাস, অন্যদিকে হঠাৎ করে মেঘ জমে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে ঈদের আনন্দে বড় ধরনের বাধা তৈরি হওয়ার আশঙ্কা নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে দেশের প্রায় সব বিভাগেই ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশালের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ মার্চ বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে।

দেশের আট বিভাগেরই অনেক এলাকায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। ২২ মার্চ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

এই পুরো সময়জুড়েই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানান, ঈদের দিন পুরোপুরি খারাপ আবহাওয়া হওয়ার আশঙ্কা নেই। তবে পুরোপুরি শুষ্কও থাকবে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের কিছু কিছু এলাকায় ঈদের দিন সাময়িক বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না– সাধারণত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

তিনি বলেন, মার্চ মাসে এ ধরনের বৃষ্টি খুব স্বাভাবিক। কোথাও হঠাৎ মেঘ জমে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হয়; আবার কিছু সময়ের মধ্যেই তা থেমে যায়।

এই সময়ের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বজ্রপাত। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকবে।

ঝোড়ো হাওয়ার গতি সাধারণত ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকতে পারে। খুব শক্তিশালী ঝড়ের আশঙ্কা কম হলেও খোলা জায়গায় অবস্থান করলে সতর্ক থাকতে হবে।

গ্রামীণ এলাকায় মাঠে কাজ করা মানুষ, নদীতে থাকা জেলেরা এবং খোলা জায়গায় ঈদের নামাজ আদায়কারীদের জন্য এই সতর্কতা বিশেষ গুরুত্বপূর্ণ।

ঈদের সময় তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। দিনে তাপমাত্রা সাধারণত ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কোথাও কোথাও সামান্য কমবেশি হলেও তীব্র গরমের আশঙ্কা নেই।

কিছু দিনে বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে, আবার বৃষ্টি কমে গেলে তা কিছুটা বাড়তেও পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া থাকবে সহনীয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি