back to top

সঙ্গীকে বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ হারাল—ফটিকছড়িতে শোক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬ ০৭:৫৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) এবং একই বাড়ির জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১)।

তারা সম্পর্কে ঘনিষ্ঠ আত্মীয় এবং প্রতিবেশী বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় অসাবধানতাবশত একজন ইটভাটার মাটি কাটার ফলে তৈরি পানি ভর্তি গভীর গর্তে পড়ে যায়।

তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে নেমে পড়ে এবং দুজনই তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, “বাড়ির পাশের ইটভাটার গর্তে জমে থাকা পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটে। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনেরও মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।”

তিনি আরও জানান, ইটভাটার মাটি কাটার ফলে তৈরি এসব গর্তে পানি জমে থাকায় এলাকাবাসীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয়রা দ্রুত এ ধরনের ঝুঁকিপূর্ণ গর্ত ভরাট এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি