নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিজ বাড়িতে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের দরজার সামনে রক্ত দেখে সন্দেহ হলে ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ নৃশংস হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি—দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।



