back to top

শাহ আমানতে তিন যাত্রীর লাগেজে ১,৬৯৮ কার্টন বিদেশি সিগারেট

প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ০৮:৫২

চট্টগ্রাম নিউজ টুডে : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি এবং লাগেজ বেল্টে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট (জি-৯৫২০)-এর যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ বেল্টে যৌথ অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।

ব্যাগেজ তল্লাশি করা তিন যাত্রী হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে উদ্ধার হওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়েছে। এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত নজরদারির অংশ হিসেবে পরিচালিত অভিযানে যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ বেল্টে থাকা মালামাল পরীক্ষা করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শনাক্ত হলে তা জব্দ করা হয়।

তবে আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি