স্রষ্টার দরবারে দু হাত তুলে মোনাজাত শেষে বের হয়েছিলেন সংসারের চাকা সচল রাখার তাগিদে। কিন্তু মসজিদ থেকে বের হয়েই থমকে গেলেন তিনি।
যেখানে রাখা ছিল ঘাম ঝরানো উপার্জনের একমাত্র অবলম্বন, সেখানে এখন কেবলই শূন্যতা!
চট্টগ্রামের মিরসরাইয়ে জোহরের নামাজ আদায় করতে গিয়ে জীবনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত অটোরিকশাটি হারিয়ে এখন দিশেহারা এক সাধারণ চালক।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরে, মিরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ গরিয়াইশ এলাকার মমতাজুল হক মসজিদের সামনে।
ভুক্তভোগী মো. মুমিনুল ইসলাম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মকবুল সওদাগর বাড়ির মো. হানিফের ছেলে।
জানা যায়, বিগত ছয় বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন মুমিনুল। অভাবের সংসারে সৎ ও কঠোর পরিশ্রমে মা-বাবা, স্ত্রী ও সন্তানসহ পাঁচ সদস্যের পরিবারের মুখে অন্ন জুগিয়ে আসছিলেন তিনি।
শনিবার দুপুরে অটোরিকশাটি মমতাজুল হক মসজিদের সামনে পার্ক করে জোহরের নামাজ আদায় করতে যান মুমিনুল।
নামাজ শেষে গাড়িটি যথাস্থানে দেখতে পেয়ে নিশ্চিন্ত মনে দুপুরে খাবার খেতে বাড়ি ফেরেন। কিন্তু আহার শেষে ফিরে এসে দেখেন, তার আয়ের শেষ অবলম্বনটি আর সেখানে নেই।
মুহূর্তের মধ্যেই আকাশ ভেঙে পড়ে মুমিনুলের মাথায়। আশপাশের বিভিন্ন স্থানে হন্যে হয়ে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো হদিস পাননি তিনি।
চোখের জলে ভেসে মুমিনুল বলেন, ছয় বছর ধরে এই গাড়িটি চালিয়ে পুরো পরিবারের খরচ চালাতাম। ব্যাংকের ঋণের বোঝা টেনে কেনা গাড়িটাই আজ চুরি হয়ে গেল। আমি এখন একবারে নিঃস্ব, পরিবার নিয়ে কীভাবে বাঁচব বুঝতে পারছি না।
মুমিনুলের ওপর নেমে আসা এই বিপদে ভারাক্রান্ত এলাকার বাসিন্দারাও।
স্থানীয় বাসিন্দারা আফসোস করে জানান, মুমিনুল অত্যন্ত সৎ ও পরিশ্রমী একজন মানুষ। কারো কাছে হাত না পেতে নিজের উপার্জনে সংসার চালাতেন। তার একমাত্র সম্বলটি চুরি হয়ে যাওয়ায় পুরো পরিবারটি এখন চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছে।
এদিকে অটোরিকশা চুরির এ ঘটনায় মুমিনুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করলেও ভিন্ন কথা বলছে পুলিশ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একদিকে সম্বল হারানোর বেদনা, অন্যদিকে পরিবারের পাঁচ সদস্যের অন্নসংস্থানের দুশ্চিন্তা-সব মিলিয়ে এখন দিশেহারা মুমিনুল।
চোরকে শনাক্ত করে হারিয়ে যাওয়া অটোরিকশাটি দ্রুত উদ্ধারে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


