সবুজ, পরিচ্ছন্ন ও সর্বাধুনিক নগরীর স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের প্রিয় চট্টগ্রাম। আধুনিক নগর ব্যবস্থাপনায় যুক্ত হলো এক নতুন স্বর্ণালী পালক।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের বিশেষায়িত সাইকেল ট্র্যাক, যার হাত ধরে উন্মোচিত হতে চলেছে পরিবেশবান্ধব যাতায়াতের এক নতুন দিগন্ত।
শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দর সড়কের নির্মিত এই সাইকেল ট্র্যাকটি সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিক-এর আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীনে সফলভাবে বাস্ত বায়িত হয়েছে এই আধুনিক অবকাঠামো।
প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটিকে সম্পূর্ণ চার লেনে উন্নীত করার পাশাপাশি পথচারীদের হাঁটার জন্য দুই পাশে গড়ে তোলা হয়েছে সুপ্রশস্ত ফুটপাত।
সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মিড আইল্যান্ড। আর এর এক পাশেই অনন্য নান্দনিকতায় যুক্ত করা হয়েছে পরিবেশবান্ধব এই বিশেষ সাইকেল ট্র্যাক।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন সাইকেল ট্র্যাকের প্রতিটি অংশ ঘুরে দেখেন। সর্বসাধারণের সুরক্ষা, কাজের নান্দনিক গুণমান এবং স্বাচ্ছন্দ্যে চলাচলের বিষয়টি নিশ্চিত করতে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী করতে আমরা সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক শুধু সাইকেল চালানোর কোনো সাধারণ পথ নয়-এটি আমাদের একটি স্বাস্থ্যকর ও দূষণমুক্ত নগরজীবনের অভিমুখে যাত্রার উজ্জ্বল প্রতীক।
পৃথক ও নিরাপদ এই সাইকেল লেন ব্যবহারের মাধ্যমে তরুণ প্রজন্ম শুধু শারীরিক চর্চা ও সক্রিয় জীবনযাপনেই উৎসাহিত হবে না, বরং নগরের যানজট কমানো এবং বায়ুদূষণ রোধেও এটি কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে।
সাইকেল আরোহীদের জন্য শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় এই উদ্যোগ নগরবাসী ও পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করবে।
সংবাদ সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই সর্বসাধারণের ব্যবহারের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে স্বপ্নের এই সাইকেল লেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিক-এর প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সচিব (অ. দা.) আজিজ আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


