back to top

বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:০১

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এর আগে, ১৫ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলা ২টায় আলোচনা সভা হবে।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করবেন।

সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সকাল ৯টা ৩০ মিনিটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ণ করে তা বাস্তবায়ন করবে।

অনুরুপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

একই বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে বলা হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধ:নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় ১৪ ডিসেম্বর বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়, মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।