back to top

গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব: সালাহউদ্দিন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৬

গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা জানি, এই অপশক্তি দেশের ভেতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না থাকে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যটা দেখাতে চাই—ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট প্রতিরোধ করতে পারব।’

ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। তিনি বলেন, সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি—আমরা সেখানে উপস্থিত থাকব।

প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের কোনো আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর পরদিন, শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হন ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক নেতারা। এ অবস্থায় শনিবার তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যাপক ইউনূস।

তিনি ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সভায় সব রাজনৈতিক দলকে যোগ দেওয়ার আহ্বানও জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, সরকার, জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।