পটিয়ায় খাস জমি দখলের চেষ্টা, আল মদিনা হোটেলকে জরিমানা

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৩:০৬

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের পটিয়া থানার মোড়ে অবস্থিত আল মদিনা হোটেলের পেছনে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি জমি অবৈধভাবে দখলের চেষ্টার প্রমাণ পাওয়া গেলে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি দখল করা অংশ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, ঈদের বন্ধের সুযোগে আল মদিনা হোটেল কর্তৃপক্ষ রাতারাতি সরকারি খাস জায়গা দখল করার জন্য স্থাপনা নির্মাণ করে।

খবর পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা জরিমানাসহ উচ্ছেদ করার পাশাপাশি তাদের সতর্ক করেছি যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি