চট্টগ্রাম নগরীর খুলশী ও চকবাজার থানা এলাকা থেকে বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১০ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন—মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল জানান, ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গত ৮ মে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে আটক করে।
এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া গুলির উৎস, সরবরাহ চক্র এবং এর সম্ভাব্য ব্যবহার নিয়ে তদন্ত চলছে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



