রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়ক এলাকার মাঝিপাড়া ১৬ কিলোমিটার নামক স্থানে এ সফল অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও চোরাচালানি মালামাল পাচার হতে পারে-এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি।
২৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সমন্বয়ে বিজিবির একটি চৌকস টহল দল উল্লিখিত এলাকায় অত্যন্ত কৌশলে অবস্থান নেয়।
রাত সাড়ে ১০টার দিকে দুইজন চোরাকারবারিকে ব্যাগ হাতে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাছে থাকা ব্যাগ ফেলে রেখে অন্ধকার ও গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পিছু ধাওয়া করলেও দুর্গম পাহাড়ের সুযোগ নিয়ে তারা আত্মগোপন করতে সক্ষম হয়।
পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ১টি ৭.৬২ মিমি চাইনিজ পিস্তল এবং ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ‘প্যাট্রন’ (Patron) ব্র্যান্ডের বিদেশি সিগারেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের অপরাধ দমন এবং অভিনব উপায়ে পরিচালিত চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সিগারেট সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

