বাস থেকে গাঁজা, ভ্যানে ফেনসিডিল, গোডাউনে মিলল বিদেশি সিগারেট: আটক ৫

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৬:২৭

বন্দরনগরী চট্টগ্রাম, বাঁশখালী ও ফেনীর একাধিক পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান চক্রের ওপর বড় ধরনের আঘাত হেনেছে এলিট ফোর্স র‌্যাব-৭।

পৃথক ৬টি ঝটিকা অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট, সাড় ৮২ কেজি গাঁজা, ৯ হাজার ৮১০ পিস ইয়াবা, বিপুল পরিমাণ ফেনসিডিল, এস্কাফ সিরাপ, ৫টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় এক নারীসহ ৫ জন সক্রিয় কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও একাধিক মোটরসাইকেল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-৭ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চোখধাঁধানো অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

ফেনীতে কাভার্ডভ্যান ও বাসে তল্লাশি: নারীসহ আটক ২

মাদক চোরাচালানের অভিনব কৌশল ভেস্তে গেছে ফেনীর ছাগলনাইয়া ও খাইয়ারা এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়ায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে সাড়ে ১৪ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেনসিডিল এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় ভোলার বাসিন্দা মো. সোহাগকে (৩৬) আটক করা হয় এবং পন্যবাহী কাভার্ডভ্যানটি জব্দ করে র‌্যাব।

খাইয়ারা বাস টার্মিনালে চট্টগ্রাম-কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোছা. লায়লা বেগম (৪০) নামের এক নারী যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালীতে ইয়াবার চালান ও ব্রিজের নিচে অস্ত্রের ডিপো

চট্টগ্রামের বাঁশখালীতে দুটি পৃথক সাফল্য পেয়েছে র‌্যাব-৭। বাঁশখালীতে চালিত অভিযানে ৯ হাজার ৮১০ পিস ইয়াবাসহ পটিয়ার দুই বাসিন্দা মো. আজিজুল হক (৩৯) ও নূর হোসেন বোরহানকে (৪০) আটক করা হয়। মাদক সরবরাহে ব্যবহৃত তাঁদের দুটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়া উত্তর চাম্বল এলাকার একটি ব্রিজ সংলগ্ন নির্জন জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৫টি ধারালো দেশীয় অস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি।

জোরারগঞ্জে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ডেলিভারি ভ্যান রেখে কৌশলে পালিয়ে যায় চালক। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত ভ্যান ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নগরীর সদরঘাটে পূর্ব মাদারবাড়ির একটি গোপন গোডাউনে ঝটিকা অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে আনুমানিক ৯০ লাখ টাকা মূল্যের বিশাল চোরাচালানকৃত অবৈধ বিদেশি সিগারেটের চালান জব্দ করা হয়। এই চক্রের মূল হোতা বেলাল হোসেনকে (৪০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সীমান্ত ও জাতীয় মহাসড়ক ব্যবহার করে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে র‌্যাব জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি