লাফিয়ে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, নতুন রেট কার্ড দেখে নিন

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ২০:০৮

মাস শুরুর পরপরই মধ্যবিত্ত ও সাধারণ গৃহস্থালির খরচের খাতায় যোগ হলো নতুন বাড়তি চাপ। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য এক লাফে ৭০ টাকা বাড়ানো হয়েছে।

রোববার (২ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যসূচি ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে।

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি

গত মাসে ১২ কেজির এক সিলিন্ডার এলপিজি কিনতে গ্রাহকদের খরচ হতো ১ হাজার ৫২৮ টাকা। নতুন দর অনুযায়ী এখন থেকে একই সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৫ ৯৮ টাকা।

এক নজরে বিভিন্ন আকারের সিলিন্ডারের নতুন ও পুরোনো দাম:

সিলিন্ডারের আকার পূর্ববর্তী মূল্য (টাকা) পুনর্নির্ধারিত মূল্য (টাকা)
৫.৫ কেজি ৭০০ ৭৩২
১২ কেজি ১,৫২৮ ১,৫৯৮
১২.৫ কেজি ১,৫৯১ ১, ৬৬৪
১৫ কেজি ১,৯১০ ১,৯৯৭
১৬ কেজি ২,০৩৭ ২,১৩০
১৮ কেজি ২,২৯১ ২,৩৯৭
২০ কেজি ২,৫৪৬ ২,৬৬৩
২২ কেজি ২,৮০১ ২,৯২৯
২৫ কেজি ৩,১৮৩ ৩,৩২৯
৩০ কেজি ৩,৮১৯ ৩,৯৯৫
৩৩ কেজি ৪,২০১ ৪,৩৯৪
৩৫ কেজি ৪,৪৫৬ ৪,৬৬০
৪৫ কেজি ৫,৭২৯ ৫,৯৯২

বাড়ল যানবাহনের অটোগ্যাসের দামও

একই সঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা, যা গত মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা। ফলে প্রতি লিটারে অটোগ্যাসের দাম বাড়ল ৩ টাকা ২৭ পয়সা।

দাম বাড়ার কারণ

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যের ওঠানামা এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিবহন ও পরিচালন ব্যয়ের ওপর ভিত্তি করেই প্রতি মাসে এই দাম সমন্বয় করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই নির্ধারিত মূল্যই বহাল থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি