চট্টগ্রামের আনোয়ারায় প্রক্রিয়াধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানাটি আগামী ১৮ মাসের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে পুরোদমে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অর্থনৈতিক অঞ্চলটি সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে একই দিন সকালে আনোয়ারাতেই অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শনে যান বিজন কান্তি সরকার।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, মতবিনিময় সভায় দেশি-বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা নিশ্চিত করেছেন-চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের সার্বিক কার্যক্রম খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। এছাড়া শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রথম কারখানা চালুর বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্যমাত্রা ধরে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়সীমার মধ্যেই এটি উৎপাদনে যেতে সক্ষম হবে।
জানা গেছে, সফরসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতেই কেইপিজেডে অবস্থান নেন বিজন কান্তি সরকার। পরদিন বুধবার সকাল ১১টার দিকে কেইপিজেড চত্বর ঘুরে দেখেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে পৌঁছান।
সেখানে শিল্পাঞ্চলের ভেতরের অগ্রগতি পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে তিনি চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) উদ্দেশ্যে রওনা হন।
উচ্চপর্যায়ের এই পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


