হালিশহরের অপহরণ-ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় এসআরবির জালে প্রধান আসামি নুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৩:১৯

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি নুর হোসাইন নুরকে (৩৮) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানাধীন বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৭ (চট্টগ্রাম) ও এসআরবি-১০ (ঢাকা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার সারেংবাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর আলম।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলার পর থেকেই প্রধান আসামি নুর হোসাইন আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ ও এসআরবি-১০-এর যৌথ দল সোমবার সন্ধ্যায় বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরবর্তীতে তাকে ডিএমপির কোতোয়ালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি