চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। খামারে মুরগি না থাকার সেই ‘সুযোগ’কে কাজে লাগিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে ভেতরে প্রবেশ করে অন্তত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসানের অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে চোরের দল প্রথমে খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এরপর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে। এ সময় খামারের ভেতরে থাকা বেশ কিছু আসবাব ও জিনিসপত্রও ভাঙচুর করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে অত্যন্ত কষ্ট করে ক্ষুদ্র পরিসরে পোল্ট্রি ব্যবসাটি দাঁড় করানোর চেষ্টা করছিলাম।
বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগে চোরের দল এই সর্বস্বান্ত করার মতো ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেবল এই খামারটিই নয়, এর আগেও একই এলাকায় আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দুটি দোকানে পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছিল।
একের পর এক এমন চুরির ঘটনায় পুরো এলাকায় এখন চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, পুলিশি টহল জোরদার না হলে এ ধরনের অপরাধ আরও বেড়ে যেতে পারে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


