চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন জনবহুল বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনভর পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযান সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে বহদ্দারহাট এলাকার ফুটপাতগুলো অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
এর ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং এলাকায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতির স্থায়ী সুরাহা করতে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ফুটপাতগুলো সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের জনস্বার্থ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে চসিকের এ ধরনের কঠোর অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


