সন্ত্রাসবিরোধী মিছিলেই হামলা, ফটিকছড়িতে তিন মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ০০:৩৫

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়।

মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে। পরে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার শিকার হন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।

হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালান।

এতে যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও কয়েকটি মোটরসাইকেল।

আহত ব্যক্তিদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি