ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের দুর্গম এলাকার ১১টি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব কেন্দ্রে ১২ হাজার ৪০০ জন ভোটার নিবন্ধিত আছেন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ওই ১১ কেন্দ্রে নারী ভোটার ছয় হাজার ২২ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ছয় হাজার ৩৭৮ জন।
বান্দরবান জেলা নির্বাচন অফিস জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে হেলিসর্ট (হেলিকপ্টারের সাহায্যে পরিবহন) দেওয়ার সময়সূচী চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন
পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের একদিন আগে ১১ ফেব্রুয়ারির মধ্যেই ওই দুর্গম কেন্দ্রগুলোতে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা, ব্যালট বক্স ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মোদক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট মোদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিন্দু ইউনিয়নের গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলার কুরুক পাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোয়াংছড়ি উপজেলায় সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের এরইমধ্যে হেলিকপ্টারের সহযোগিতা নেওয়া সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
থানচির বাসিন্দা রেহ্লা মং বলেন, গত শতকের নব্বইয়ের দশক থেকেই (১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন) এসব কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়েছে। এখনো সেগুলো একই দুর্গম অবস্থায় রয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, গত তিন যুগে দেশে ব্যাপক উন্নয়ন হলেও এই ১১টি কেন্দ্রের সঙ্গে এখনো সহজ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা যায়নি।


