সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ১টি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং ১টি স্টিলের চেইন।
গ্রেপ্তাররা হলেন-মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯), মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সোর্সের খবরে এমন তথ্য পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সস্ত্রসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম কোতোয়ালী।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এই ৭ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



