বিশ্ব ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রোববার এ হুমকি দেয় বাহিনীটি।
আইআরজিসির ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’
এদিকে রোববার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ।
দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই সময় মধ্য ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সে সময় লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়, যা প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে।
হোম ফ্রন্ট কমান্ড আরও জানায়, দক্ষিণাঞ্চলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা কফার ইউভাল বসতির উত্তরের একটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে।
সীমান্তবর্তী একটি শহরে অবস্থানরত সেনাদের ওপর কামান থেকে গোলাবর্ষণও করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


