জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
অতীতের খোলস ছেড়ে পুলিশকে প্রকৃতপক্ষে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন, আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না।
পুলিশ ভালো কাজ করছে কি না, তার প্রধান মাপকাঠি হলো নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও ব্যবহারে সন্তুষ্ট হলেই বোঝা যাবে পুলিশ সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে।
কমিশনার হাসান মো. শওকত আলী উল্লেখ করেন, আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জনসচেতনতা ও কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অপরিহার্য।
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা যত বাড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতির তত উন্নতি ঘটবে।
পুলিশের মনস্তাত্ত্বিক পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, পুলিশ যে আলাদা বা বিশেষ কিছু-তা শুধু পুলিশ নিজেরা ভাবলেই হবে না, বরং সেবামূলক আচরণের মাধ্যমেই তা সাধারণ মানুষের কাছে প্রমাণ করতে হবে।
সাংবাদিকদের সমাজের ‘দর্পণ’ হিসেবে উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, গণমাধ্যমে পুলিশের কোনো ভুলত্রুটি বা কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং সেই প্রতিবেদনগুলো গুরুত্বের সাথে বিশ্লেষণ করে নিজেদের ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ থাকে।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক মতবিনিময় সভায় বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পর পরিপূরক। সঠিক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গেলে সমাজে কোনো বিভাজন থাকে না।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, প্রতিকূলতার মধ্যেও একটি কল্যাণ রাষ্ট্র গঠনে পুলিশ ও সাংবাদিক-উভয় পেশার মানুষই দিনরাত কাজ করে যাচ্ছেন। দুই পক্ষের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জনগণের প্রত্যাশা পূরণে বড় ভূমিকা রাখবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন।
সভায় সাংবাদিকদের পক্ষে আরও বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সালেহ নোমান, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য ওয়াহিদ জামান ও সাইফুল ইসলাম শিল্পী, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির এবং সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম।
সিএমপির পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, ডিসি (দক্ষিণ) মো. হাবিবুর রহমান এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ নূর।
অনুষ্ঠানে সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন, ডিসি (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেন, ডিসি (বন্দর) মো. আমিরুল ইসলাম, ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, এডিসি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী ও মোহাম্মদ বদিউজ্জামান, এডিসি (সদর) শ্রীমা চাকমা, এসি (সদর) আমিনুর রশিদ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

