শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প

আয়োজনে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০

শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা প্রদান এবং মুখের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এক মানবিক উদ্যোগ নিয়েছে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন।

আগামী ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে দিনব্যাপী এই ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ অনুষ্ঠিত হবে।

এই মানবিক ও সামাজিক কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কেবল চিকিৎসাসেবা প্রদানই নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে দাঁতের সঠিক যত্ন ও মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার দীর্ঘমেয়াদি অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদির, ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার।

অন্যান্য অতিথিদের মধ্যে অংশ নেন ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির, শিল্পী ও সাংবাদিক আজিজুল কদির, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক।

সংগঠনটির উদ্যোগ সম্পর্কে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত দাঁতের যত্ন এবং মুখগহ্বরের স্বাস্থ্য সম্পর্কে স্থায়ী সচেতনতা তৈরি করা।

প্রতিদিন সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা, ক্ষতিকর খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অভ্যাস গড়ে তুলতে এই ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।

সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে এই কার্যক্রমের জন্য বেছে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই প্রশংসনীয় উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা যাতে সহজে ও সুশৃঙ্খলভাবে চিকিৎসা ও প্রয়োজনীয় পরমর্শ গ্রহণ করতে পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তার কথা জানানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা দূর হবে। একই সাথে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে বিস্তৃত করার পথ উন্মুক্ত হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি