দীর্ঘদিনের জরাজীর্ণ দশা কাটিয়ে অবশেষে নতুন রূপ পেতে যাচ্ছে চট্টগ্রামের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ অক্সিজেন-মুরাদপুর সড়ক।
বছরের পর বছর পথচারী ও পরিবহনচালকদের ভোগান্তির প্রধান কারণ হয়ে থাকা এই পথটিতে এখন বইছে পরিবর্তনের হাওয়া।
সংস্কারকাজে কাঙ্ক্ষিত গতি ও শতভাগ স্বচ্ছতা ফেরাতে গভীর রাতেও সরেজমিনে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার রাতে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ হঠাৎ পরিদর্শনে যান চসিক মেয়র।
সড়ক সংস্কারের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখতে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন অংশ ঘুরেন এবং সেখানে উপস্থিত প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে প্রতিটি কাজের কারিগরি ও সময়সীমার আপডেট নেন।
পরিদর্শনকালে কাজের গুণগত মানের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন স্পষ্ট জানিয়ে দেন-নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণসামগ্রী ও কাজের মানে কোনো প্রকার আপস করা যাবে না।
নগরবাসীর দীর্ঘকালের ক্ষোভ ও দুর্ভোগের কথা স্মরণ করে মেয়র বলেন, নগরবাসীর দীর্ঘদিন চেপে থাকা দুর্ভোগ লাঘব করাই আমাদের প্রধান অঙ্গীকার। বছরের পর বছর অবহেলিত ও সংস্কারহীন পড়ে থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে চাঙ্গা করে তুলছি।
শুধু কাজ তদারকিই নয়, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সত্যিকারের বাসযোগ্য নগরী না করা পর্যন্ত আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।
বহু প্রতীক্ষিত এই কার্পেটিং কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় হাঁফ ছেড়ে বাঁচছেন এই রুটে চলাচলকারী সাধারণ মানুষ ও চালকেরা।
সংশ্লিষ্টদের ধারণা, সংস্কারকাজ পুরোপুরি সমাপ্ত হলে কেবল চলাচলেই স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা ফিরবে না, বরং এটি পুরো চট্টগ্রাম নগরীর সড়ক যোগাযোগব্যবস্থায় এক অভাবনীয় গতি ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


