back to top

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১২:৫৪

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে স্বস্তির খবর—এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

রোববার (২০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, সেখানে ভর্তি হয়েছেন ১৩৩ জন। এরপর রয়েছেন—চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৫৫ জন, রাজশাহীতে ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, ঢাকা উত্তরে ১৮ জন, ঢাকার বাইরে ২৪ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুর বিভাগে ৬ জন।

এদিকে, একই সময়ে সারাদেশে ৪১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৮৯৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২১৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের।

উল্লেখযোগ্যভাবে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের পুরো সময়জুড়ে (জানুয়ারি-ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

আর ২০২৩ সাল ছিল আরও ভয়াবহ—সেই বছর মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন, আর মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।