সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়েরকৃত ডাকাতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল আলিম (৪৫)। তিনি উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকার বাসিন্দা মুছা মাঝির ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে জানালেন ওসি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


