অনুমোদনহীন মোড়কে বিস্কুট-কেক বিক্রি: চকবাজারে দুই বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৯:৫৭

বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টারিং ইনস্টিটিউশন) বাধ্যতামূলক মানসনদ বা সিএম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিস্কুট, কেক, পাউরুটি ও মিষ্টান্ন উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে চট্টগ্রামের চকবাজার এলাকায় দুটি বেকারির মালিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) চকবাজারের কাপাসগোলা রোড ও গুলজার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলাম।

বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, কাপাসগোলা রোডের দোহা ফুড কোনো ধরনের সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট, কেক ও সুইটমিটস জাতীয় খাদ্যপণ্য তৈরি করে আসছিল।

শুধু তাই নয়, অনুমোদন না থাকলেও পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, গুলজার মোড়ের মস্কো বেকার্স সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও ব্রেড জাতীয় বিভিন্ন পণ্য বিক্রি করছিল। পাশাপাশি, মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ ছাড়াই শন পাপড়ির মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে আসছিল তারা।

বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে উৎপাদিত পণ্যের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ গ্রহণের কঠোর নির্দেশ দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য ও পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি