চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ইসলামি ছাত্র শিবিরের সভাপতির পিতা নুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বড়হাতিয়া কুমিরাঘোনা বায়তুশ শরফ সংলগ্ন বায়তুশ শরফ সড়কের চৌধুরী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লালির বাপের পাড়ার মৃত আলী আহমদের ছেলে।
তিনি বড়হাতিয়া ওয়ার্ড শিবিরের সভাপতি শফিকুল ইসলামের বাবা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন নুরুল ইসলাম। ভোরে যাত্রী নিয়ে গাড়ি চলাকালীন অবস্থায় পেছন দিকে থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্র শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে জানতে পারি, আমার আব্বু এক্সিডেন্ট করছে। পরে মনু ফকির হাট থেকে আব্বুকে দ্রুত উপজেলা সদরে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানকার ডাক্তার নিশ্চিত করেন, আমার আব্বুর পেছন দিয়ে পিটে গুলি করে হত্যা করা হয়েছে। আমার আব্বুর হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবিও জানান তিনি।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজিচালক নুরুল ইসলামের ঘটনাটির তদন্ত চলছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’



