সিটিজি নিউজ টুডে : লোহাগাড়ায় পিকআপের সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে কনক বড়ুয়া (৩৫) নামে টেক্সি চালক নিহত হয়েছেন। একইসঙ্গে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নারী-শিশুসহ পাঁচজন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনক উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার ছেলে।
আহতরা হলেন-উপজেলার আধুনগর ইউনিয়নের নয়া পাড়ার নাজমুল হুদা (৫৬), হোসনে আরা বেগম (৫০), লিলি আক্তার (৪৯), ফাতেমা জান্নাত রুমাইছা (৫) ও রোজা জাহান (১০ মাস)।
এ ঘটনায় পিকআপ চালক মো. ইয়াছিনকে আটক করে পুলিশে দিয়ে স্থানীয়রা। তিনি কুমিল্লার মুরাদনগরের রামপুর এলাকার মো. হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মালবাহী পিকআপের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা সবাই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত টেক্সিটি দুমড়ে মুচড়ে গেছে।
টেক্সির মালিক ধনয় বড়ুয়া জানান, আহত চালক কনক বড়ুয়াকে চট্টগ্রাম শহরে নেয়ার পথে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


